উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রাসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
টাচ নিউজ:উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসস’কে আজ এ তথ্য জানান। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর আকাশ বুধবার সকাল থেকে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একইসঙ্গে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। এদিকে, বৈরী আবহাওয়ার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও উত্তাল হয়ে উঠেছে। সাগরে সৃষ্টি হয়েছে বড় বড় ঢেউ, যা তীরে আছড়ে পড়ছে। এতে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাহবুবা সুখী বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে এটি নিম্নচাপে রূপ নেবে কি-না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।সূত্র : বাসস











