চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
টাচ নিউজ: চট্টগ্রামের অপরাধ জগতের আলোচিত নাম মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন কে যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। বুধবার গভীর রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর সীমান্তসংলগ্ন এলাকা থেকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ডেভিড ইমনকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছিল। সম্প্রতি তাকে ধরতে ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক বলেন, “সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম গড়ার লক্ষ্য নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। তাকে চট্টগ্রামে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্য সহযোগীরাও আমাদের গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তাদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে।” পুলিশের অভিযোগ, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সশস্ত্র হামলা, আধিপত্য বিস্তার ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত। সম্প্রতি তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করার পাশাপাশি তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকেও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনায়ও ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। ওই ঘটনার পর তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদে চট্টগ্রামকেন্দ্রিক সংঘবদ্ধ অপরাধচক্র, অস্ত্রের উৎস, চাঁদাবাজির নেটওয়ার্ক এবং পলাতক অপরাধীদের সঙ্গে যোগাযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রামে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে চট্টগ্রামে সক্রিয় অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক ও সহযোগীদেরও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।











