ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ৭:২০ অপরাহ্ন

শিরোনাম

‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা

  • আপডেট: Thursday, July 23, 2026 - 12:53 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ: নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে ‘হ্যালো ডিসি’ (Hello DC) নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। এ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ দাখিল, আবেদন এবং জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে রিভিউ প্রক্রিয়া শেষ হলে সেখান থেকেও এটি ডাউনলোড করা যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে ফোন করেও সরাসরি বিভিন্ন সেবা নেওয়ার সুযোগ থাকবে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে এনজিও-সংক্রান্ত সেবা, বিভিন্ন লাইসেন্সিং কার্যক্রম, নামজারি (মিউটেশন), অর্পিত সম্পত্তি-সংক্রান্ত সেবা, সরকারি সহায়তার আবেদনসহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর ফলে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। একই সঙ্গে জেলা প্রশাসনের সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা আরও বাড়বে। তিনি জানান, ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নাগরিকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জেলা প্রশাসনের সেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অব্যাহত থাকবে।