ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ৭:২০ অপরাহ্ন

শিরোনাম

জুলাই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত বিচার দাবি, ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

  • আপডেট: Thursday, July 23, 2026 - 1:13 pm
  • পঠিত হয়েছে: 2 বার

মানব কথা: ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে গুম, হত্যা, নাগরিক অধিকার হরণ এবং দমন-পীড়নের ধারাবাহিকতার প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাইয়ে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন গড়ে ওঠে। ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর আওতায় নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তাদের দাবি, প্রকৃত সত্য উদঘাটন, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বাধীন তদন্ত জরুরি।

সাত দফা দাবি:-

স্মারকলিপিতে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • জুলাইয়ের প্রধান প্রধান হত্যাকাণ্ডের ঘটনাস্থলের তদন্ত দ্রুত শেষ করা।
  • তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া।
  • দেশের ৬৪ জেলার যেসব এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করা।
  • তদন্তে প্রমাণিত হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা।
  • ভুক্তভোগী, সাক্ষী ও তদন্ত-সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা।
  • গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধকে সমর্থন, উসকানি, অপপ্রচার কিংবা বিচারপ্রক্রিয়া ব্যাহতকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।
  • গুম, গুমের পর হত্যা এবং লাশ গোপন বা ধ্বংসের অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা।

স্মারকলিপিতে আরও বলা হয়, গুম-সংক্রান্ত মামলাগুলোর তদন্তে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।