ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

দেশে থামছেই না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, July 8, 2026 - 11:27 am
  • পঠিত হয়েছে: 25 বার

টাচ নিউজ:দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা সংক্রমণের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১০৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭০ জনে পৌঁছেছে।

এদিকে, গত একদিনে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৯১ হাজার ২৭০ জন হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৭ হাজার ৬২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির আওতা আরও বাড়ানো এবং পুষ্টি নিশ্চিত করা গেলে হামজনিত জটিলতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।