ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

শিরোনাম

ক্রোয়েশিয়া ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে রোনালদোর বিশেষ বার্তা

  • আপডেট: Thursday, July 2, 2026 - 12:27 pm
  • পঠিত হয়েছে: 5 বার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘Make us feel at home’—অর্থাৎ, ‘যেন মনে হয় আমরা ঘরের মাঠেই খেলছি।’ শুক্রবার ভোরে রাউন্ড অব বত্রিশে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। হারলেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ অভিযান। একই সঙ্গে এটি ৪১ বছর বয়সী রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচও হয়ে যেতে পারে। বিশ্বকাপ শুরুর আগেই রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তাই ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি জয়ের শেষ সুযোগ হিসেবেই এবারের আসরকে দেখছেন পর্তুগিজ এই মহাতারকা।বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা, ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড এবং অসংখ্য ক্লাব শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনও অধরা রয়ে গেছে রোনালদোর।

চলতি আসরে পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হলেও গ্রুপ পর্বে দলটি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলেও কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে ব্যর্থ হয় তারা। ব্যক্তিগতভাবেও খুব বেশি ছন্দে নেই রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও পরের দুই ম্যাচে তাকে তেমন প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। বয়সের ছাপ কিছুটা স্পষ্ট হলেও বড় ম্যাচে দলের সবচেয়ে বড় ভরসা এখনও তিনিই।ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউট লড়াইয়ে তাই পর্তুগালের চোখ থাকবে অধিনায়ক রোনালদোর দিকে। আর রোনালদোও প্রত্যাশা করছেন, গ্যালারিভর্তি সমর্থকদের সমর্থন দলকে এগিয়ে নেবে পরবর্তী ধাপে।