‘বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, পাঁচবার জেলে গেছি’—সংসদে স্পিকার
টাচ নিউজ:জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও কোনো ধরনের সরকারি সুবিধা পাননি। বরং পাঁচবার গ্রেফতার হয়ে কারাভোগ করতে হয়েছে। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে এ কথা বলেন স্পিকার। তিনি বলেন, “৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। এটুকুই। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।” বিরোধীদলীয় নেতার বাজেট-বিষয়ক বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তিনি প্রায় এক ঘণ্টার বক্তব্যে দেশের বিভিন্ন সমস্যা এবং প্রস্তাবিত বাজেটের নানা দিক তুলে ধরেছেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকারের দায়িত্বে থাকার কারণে নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরার সুযোগ তার নেই।
তিনি বলেন, “এই চেয়ারে বসার কারণে আমার জন্মভূমি, আমার নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে বলতে পারি না। বিরোধীদলীয় নেতা সেগুলো জাতির সামনে তুলে ধরেছেন। আশা করি, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নেবেন।”স্পিকারের এই বক্তব্যের সময় সংসদে উপস্থিত সদস্যরা মনোযোগ দিয়ে তা শোনেন। বাজেট অধিবেশনে বিভিন্ন জাতীয় ইস্যুর পাশাপাশি সংসদীয় সংস্কৃতি ও বিরোধী দলের ভূমিকা নিয়েও আলোচনা হয়।











