করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
টাচ নিউজ:সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বার্ষিক করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মাসে ৫০ হাজার টাকার কম আয় করে একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা কঠিন। তাই বাস্তবতা বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৬ লাখ টাকা করা প্রয়োজন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কর আহরণে সক্ষম করদাতাদের আওতায় আনতে এনফোর্সমেন্ট জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। রাজস্ব আদায়ের বিষয়ে নুরুল হক বলেন, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। এজন্য কর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং করের আওতা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। বাজেট কিছুটা কমলেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন। প্রস্তাবিত বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ ভিশনের বাস্তব প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগকে তিনি ইতিবাচক বলে মন্তব্য করেন।তবে তিনি বলেন, শুধু ঘোষণা নয়, দ্রুত চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করে ধাপে ধাপে দেশের সব উপজেলায় এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।











