ঢাকা | জুন ২৭, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

শিরোনাম

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • আপডেট: Saturday, June 27, 2026 - 10:54 am
  • পঠিত হয়েছে: 5 বার

টাচ নিউজ:জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের মাধ্যমে একটি দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তোলার কাজ চলছে। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে সততা, দক্ষতা এবং মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব, বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য। দীর্ঘ প্রস্তুতি, বিভিন্ন অংশীজনের মতামত এবং ভবিষ্যতের অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।আব্দুল বারী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট প্রণয়নের আগে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। পাশাপাশি অর্থমন্ত্রীও একটি বাস্তবমুখী বাজেট প্রণয়নে নিরলস পরিশ্রম করেছেন।

তিনি বলেন, বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, ওয়ান-স্টপ সার্ভিস চালু, ব্যাংকিং খাতের সংস্কার, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তার মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।প্রতিমন্ত্রী আরও বলেন, আঙুর, অ্যাভোকাডো ও স্ট্রবেরির মতো উচ্চমূল্যের ফলের চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দকৃত ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি করছে। উন্নয়ন ব্যয় সঠিকভাবে বাস্তবায়িত হলে কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।