৩-৪ বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ, প্রতিটি ইউনিয়নে থাকবে দুইজন
টাচ নিউজ:দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি ইউনিয়নে অন্তত দুইজন করে মিডওয়াইফ নিয়োগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়েও পর্যাপ্ত জনবল নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। রোববার (২১ জুন) সচিবালয়ে ইউরোপ সফর-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমানে দেশে তিন হাজারেরও কম মিডওয়াইফ কর্মরত রয়েছেন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এই সংকট নিরসনে আগামী এক বছরের মধ্যেই প্রয়োজনীয় সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী বলেন, বর্তমানে দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। তবে জনগণের দোরগোড়ায় আরও সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের আদলে নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রয়োজন রয়েছে।
এসব কেন্দ্রে রক্তচাপ পরিমাপ, বিভিন্ন রোগের স্ক্রিনিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য মৌলিক চিকিৎসাসেবা দেওয়া হবে। তিনি আরও বলেন, মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ সেই বৃহৎ পরিকল্পনারই অংশ।










