রমজানে মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা: বাংলাদেশ ব্যাংক
টাচ নিউজ:রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় আমদানিকারকেরা পণ্য আমদানির পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত মূল্য পরিশোধের সময় পাবেন। বুধবার (১১ নভেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে এ সুবিধা প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এর আওতায় সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করা যাবে। নতুন এ সুবিধার ফলে আমদানির পরপরই পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে হবে না ব্যবসায়ীদের। বরং নির্ধারিত মেয়াদ শেষে, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানি মূল্য পরিশোধের সুযোগ পাবেন তাঁরা। এতে আমদানিকারকেরা আমদানি করা পণ্য বিক্রির পর পাওয়া অর্থ দিয়ে ব্যাংকের দায় পরিশোধ করতে পারবেন। পাশাপাশি তাঁদের ওপর তাৎক্ষণিক মূলধনের চাপও কমবে বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা। সাধারণত রমজান মাসে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময়ে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে এসব পণ্য আমদানিতে ব্যবসায়ীরা উৎসাহিত হবেন। নির্দেশনা অনুযায়ী, এ বিশেষ সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে গত ৮ নভেম্বর রমজান সামনে রেখে একই ১১ ধরনের পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় বলা হয়, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এসব পণ্যের এলসি খোলার ক্ষেত্রে মার্জিন নির্ধারণ করতে হবে।











