হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
টাচ নিউজ:দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন ঢাকা বিভাগের এবং দুজন চট্টগ্রাম বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২১৯ জনে। অন্যদিকে, একই সময়ে ১ হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে।











