পেছাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর
টাচ নিউজ :চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেটি প্রকাশ করা হয়নি। ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেওয়া সম্ভব না হওয়ায় সোমবার (২৬ অক্টোবর) ফল প্রকাশের তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে বলে তিনি জেনেছেন। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাননি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর ফল প্রকাশের বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে না। ৩১ অক্টোবর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশ উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।











