ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম

ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

  • আপডেট: Thursday, October 15, 2026 - 10:49 am
  • পঠিত হয়েছে: 4 বার

টাচ নিউজ:দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৫ দিনেই প্রাণ হারিয়েছেন ৮৬ জন। এর আগে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন। ওই মাসে মারা যান ১৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১৭৭ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৩৮ জন। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩২ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০ জন, রাজশাহীতে ২৩০ জন, রংপুরে ৭০ জন এবং সিলেটে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন তিনজন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন। ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত পর্যায়ে মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়া জরুরি।