হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
টাচ নিউজ:দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ১৫৫ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। বাকি ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩১ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে। প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন। দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু এবং নতুন সংক্রমণের পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে।











