ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম

তিন মাসেই কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল, মহাখালীর ডিপো সরছে পূর্বাচলে: ডিএমপি কমিশনার

  • আপডেট: Saturday, October 3, 2026 - 11:18 am
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ:রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে মহাখালী বাস টার্মিনালটি বর্তমান স্থানেই থাকলেও এর বাস ডিপো সরিয়ে পূর্বাচলে নিয়ে যাওয়া হবে। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব তথ্য জানান। আলাদা হচ্ছে বাস টার্মিনাল ও বাস ডিপো ডিএমপি কমিশনার জানান, ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হলো টার্মিনাল ও ডিপো একই স্থানে থাকা। বর্তমান সরকার এই দুটি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আলাদা করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, “ঢাকার তীব্র যানজটের প্রধান উৎস গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল। আগামী তিন মাসের মধ্যে এগুলো কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া মহাখালী বাস টার্মিনালটি নিজস্ব জায়গায় বহাল থাকলেও, বাসের ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে।” টার্মিনাল ও ডিপো আলাদা হয়ে গেলে রাজধানীর সড়কের ওপর বাসের বাড়তি চাপ ও যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও বাস মালিক সমিতির নেতারা। পরিদর্শন শেষে টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় মালিক সমিতির প্রতিনিধিদের কাছে নতুন নির্ধারিত জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, নতুন এই বর্ধিত জায়গায় একসঙ্গে প্রায় ৮০টি বাস পার্কিং বা রাখার সুব্যবস্থা রয়েছে, যা টার্মিনাল এলাকার যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে। পরিদর্শনকালে মালিক সমিতির প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকার দীর্ঘদিনের যানজট দূর করতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তারা প্রশাসনের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলাকারীদের গ্রেপ্তারে কড়া বার্তা এদিকে সম্প্রতি মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চলাকালীন সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মিরপুরের উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই মামলার এজাহারনামীয় ও সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত অভিযুক্তদের গ্রেপ্তারে ডিএমপির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।” অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।