ঢাকা | আগস্ট ২৯, ২০২৬ - ৭:১৯ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে: কাদের গনি চৌধুরী

  • আপডেট: Saturday, August 29, 2026 - 12:56 pm
  • পঠিত হয়েছে: 2 বার

টাচ নিউজ: সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হবে এবং এতে গণতন্ত্রও দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। শনিবার (২৯ আগস্ট) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাদের গনি চৌধুরী বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা ছাড়া দেশ ও গণতন্ত্রের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের সুরক্ষা না থাকলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে। তিনি বলেন, বর্তমানে সাংবাদিকরা অতীতের তুলনায় তুলনামূলক স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলেও রাজনৈতিক প্রভাব, প্রাতিষ্ঠানিক চাপ ও পেশাগত অনিরাপত্তার কারণে অনেকেই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। বিএফইউজে মহাসচিব অভিযোগ করেন, দেশের অধিকাংশ গণমাধ্যম প্রতিষ্ঠান ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা দেয় না। অনেক প্রতিষ্ঠানে সাংবাদিকদের বেতন মালিকের গাড়িচালকের বেতনের চেয়েও কম। তিনি বলেন, ‘আমরা সরকারকে বলেছি—নো ওয়েজবোর্ড, নো মিডিয়া নীতি কার্যকর করতে। এটি বাস্তবায়ন হলে গণমাধ্যমের ভেতরের অনেক নৈরাজ্য দূর হবে।’

কাদের গনি চৌধুরীর মতে, দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে শুধু নিরাপত্তা নয়, সাংবাদিকদের ন্যায্য বেতন, উন্নত কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদাও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাংবাদিকতা নিছক কোনো চাকরি নয়; এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও অন্যায়ের ঘটনা তুলে ধরে সাংবাদিকরা বৃহত্তর জনস্বার্থে কাজ করেন। ‘সাংবাদিকের ওপর আঘাত মানে জাতির বিবেকের ওপর আঘাত। একজন সাংবাদিকের কলম থামিয়ে দেওয়া মানে সত্য প্রকাশের পথ সংকুচিত করা’—বলেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএফইউজে মহাসচিব বলেন, স্বাধীন সাংবাদিকতাই এমন একটি প্রতিষ্ঠান, যা ক্ষমতাসীনদের সত্য কথা বলার সাহস রাখে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান করতে হবে। হামলা, ভয়ভীতি বা চাপ প্রয়োগ কোনোভাবেই সমাধান হতে পারে না। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু সাংবাদিকদের স্বার্থ নয়, সাধারণ মানুষের জানার অধিকার রক্ষারও অংশ বলে উল্লেখ করেন।

সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাফর।