ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের দায়িত্ব তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপডেট: Sunday, August 2, 2026 - 11:39 am
  • পঠিত হয়েছে: 3 বার

টাচ নিউজ:রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। এদিকে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে। তফসিল ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে কে রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ সিদ্ধান্ত নিয়েছে। এখন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই বিএনপির প্রার্থী ঘোষণা করা হতে পারে।