হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
টাচ নিউজ: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৫ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৩০ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। এ সময়ে ১ হাজার ৪১৫ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় শিশুদের ক্ষেত্রে জ্বর, শরীরে লালচে দাগ, কাশি, নাক দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।











