ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৯:৩১ অপরাহ্ন

শিরোনাম

সাইবার বুলিং দমনে কঠোর হচ্ছে সরকার, গঠন হচ্ছে বিশেষজ্ঞ প্যানেল: তথ্য উপদেষ্টা

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 11:18 am
  • পঠিত হয়েছে: 7 বার

টাচ নিউজ:সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য, ফেক ভিডিও ও সাইবার বুলিং রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ধরনের অপরাধ দমনে সরকার আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান ও হেয় করা হচ্ছে। ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো কোনো কর্মকাণ্ডকে সরকার কখনোই প্রশ্রয় দেবে না। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দেশত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে।সরকারি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন, যা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় দেশীয় গ্যাস উত্তোলনে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমানে দেশের মজুত গ্যাস দিয়ে আরও প্রায় ২৫ বছর জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে সরকার মনে করছে। এলডিসি উত্তরণ প্রসঙ্গে তিনি জানান, ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে সরকার আরও তিন বছর সময় চেয়ে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, এখনো ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।