সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমলের আহ্বান প্রধানমন্ত্রীর
টাচ নিউজ:পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পরিবেশ, প্রকৃতি ও সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। তাই মানুষ হিসেবে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বক্তব্যে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের অংশ উদ্ধৃত করে বলেন, “আল্লাহ তাআলা সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”
তিনি বলেন, নদী-নালা, গাছপালা, প্রাণী, পাখি, কীটপতঙ্গ—প্রকৃতির প্রতিটি উপাদান মানুষের উপকারের জন্য সৃষ্টি। তবে এসব সৃষ্টির সুফল ভোগ করতে হলে সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা মানবসমাজের দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে, পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। একটি সুস্থ পরিবেশ ছাড়া টেকসই উন্নয়ন কিংবা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। তাঁর ভাষায়, প্রকৃতি রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।











