জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান
টাচ নিউজ :জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সব সময় দেশ পরিচালনা করেছে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভা ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সময় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। তিনি দাবি করেন, মৌলভীবাজার অঞ্চলের উন্নয়নের বড় অংশ সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময় সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির অর্থায়ন নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, এগুলো জনগণেরই অর্থ, যা জনগণের কল্যাণে ব্যয় করা হচ্ছে। তারেক রহমান অভিযোগ করেন, অতীতে জনগণের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বন্ধ করতে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য।
চা শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা শ্রমিক পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও বিভিন্ন পেশাজীবীদের জন্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণের কথাও জানান তিনি। বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং দেশের গণতান্ত্রিক ধারা কেউ ব্যাহত করতে পারবে না।









