জনগণের টাকা ঘাটে ঘাটে চুরি করা হলে আমরা আর বসে থাকব না: জামায়াত আমির
টাচ নিউজ:বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও দুর্নীতির অভিযোগ তুলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের করের টাকা ঘাটে ঘাটে এবং স্থানে স্থানে চুরি ও লুটপাট হতে থাকলে সাধারণ মানুষ আর হাত গুটিয়ে বসে থাকবে না। আমরা আর বসে থাকব না। সরকারকে আমরা শান্তিতে ঘুমাতে দেব না। নিষ্ক্রিয় হয়ে থাকলে ধাক্কা দিয়ে সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া হবে। আজ রোববার (০৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে দেশব্যাপী সপ্তাহব্যাপী (৪–১০ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া উচিত, যারা তা নিশ্চিত করতে পারবেন। নাগরিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে বিকল্প নেতৃত্ব সামনে আসবে।’ তিনি অভিযোগ করেন, রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং স্বাস্থ্য খাতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সম্প্রতি বিমানবন্দরে জামায়াত নেতাদের হেনস্তা ও দলটির নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ ‘মিথ্যা’। আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি এবং তাকে ঘিরে আনা সব অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’। তিনি বলেন, ‘আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি সারা দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর।’ এই রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনাকে দেশবাসী ও প্রবাসীদের হালকাভাবে না নেওয়ার আহ্বান জানান তিনি।
চিকিৎসা ব্যবস্থার কড়া সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, একটি মেডিকেল প্রতিষ্ঠানে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে জনপ্রতিনিধিদের নৈতিক বৈধতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। চলমান ডেঙ্গু পরিস্থিতিকে ‘মহামারির সমতুল্য’ বলে আখ্যায়িত করে জামায়াত আমির বলেন, ‘আমরা ডেঙ্গুকে মহামারির মতো দেখছি। এ কারণেই ডেঙ্গু প্রতিরোধে আমাদের কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে মাঠপর্যায়ে এই সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। মশা নিধনে বাস্তবসম্মত কর্মসূচি দ্রুত গ্রহণ এবং আক্রান্ত রোগীদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।











