তিন মাসেই কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল, মহাখালীর ডিপো সরছে পূর্বাচলে: ডিএমপি কমিশনার
টাচ নিউজ:রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে মহাখালী বাস টার্মিনালটি বর্তমান স্থানেই থাকলেও এর বাস ডিপো সরিয়ে পূর্বাচলে নিয়ে যাওয়া হবে। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব তথ্য জানান। আলাদা হচ্ছে বাস টার্মিনাল ও বাস ডিপো ডিএমপি কমিশনার জানান, ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হলো টার্মিনাল ও ডিপো একই স্থানে থাকা। বর্তমান সরকার এই দুটি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আলাদা করার জন্য গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, “ঢাকার তীব্র যানজটের প্রধান উৎস গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল। আগামী তিন মাসের মধ্যে এগুলো কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া মহাখালী বাস টার্মিনালটি নিজস্ব জায়গায় বহাল থাকলেও, বাসের ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে।” টার্মিনাল ও ডিপো আলাদা হয়ে গেলে রাজধানীর সড়কের ওপর বাসের বাড়তি চাপ ও যানজট অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।











