হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
টাচ নিউজ: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবেই অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭৯৭ জনে। এদিকে, গত একদিনে ১৩০ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮৭৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ সময়ে ১ হাজার ২১৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে ৮৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গত ১৫ মার্চ থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জনের। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।











