ঢাকা | জুন ২০, ২০২৬ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা

  • আপডেট: Saturday, June 20, 2026 - 11:59 am
  • পঠিত হয়েছে: 6 বার

টাচ নিউজ:সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোয় মূল বেতন বৃদ্ধির পাশাপাশি টিফিন ভাতা, বৈশাখী ভাতা, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৫ সালে অষ্টম পে স্কেল চালুর পর এটিই সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় সবচেয়ে বড় পরিবর্তন হতে যাচ্ছে। নতুন পে স্কেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা। নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানে মাসিক ২০০ টাকা টিফিন ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করা হচ্ছে। গত এক দশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান ভাতা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ায় বেতন কমিশন এ বৃদ্ধির সুপারিশ করেছে। ইতোমধ্যে এ সিদ্ধান্তকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। এছাড়া নবম পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত, শিক্ষা ভাতা ২ হাজার টাকা নির্ধারণ, সরকারি চাকরিজীবীদের জন্য স্বাস্থ্যবীমা চালু এবং প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুরক্ষা বাড়বে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।